এইমাত্র পাওয়া

শাবিতে ‘আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে কেক কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) সভাপতি রাদিয়া ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, ম্যাপস ফটো এজেন্সির পরিচালক হাসান চন্দন, সুপার সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা।

সংগঠনটি ষষ্ঠবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে জানিয়ে সভাপতি রাদিয়া বলেন, এবারের প্রদর্শনীর প্রতিটি ছবিতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে।

সংগঠনঠির সাধরণ সম্পাদ মশিউর রহমান শৈশব বলেন, এবারের প্রদর্শনীতে জীবনের প্রতিকূল সময় কাটিয়ে ওঠার শক্তি, জীবনে কঠিন সময় পার করে নতুন আশা ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টার বিষয়টি প্রতিটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

উল্লেখ্য, সুপার এই আলোকচিত্র প্রদর্শনী মোট দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পর্ব শেষ হওয়ার পর ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের ৩০টি দেশ থেকে আলোকচিত্র শিল্পীরা আড়াইহাজার ছবি পাঠিয়েছে। এই ছবিগুলো থেকে পাঁচ শতাধিক ছবি ভারত, পাকিস্তান, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে। এর মধ্যে থেকে ৭৫ টি ছবি বাছাই করে প্রদর্শন করা হচ্ছে। একক ক্যাটাগরিতে ৩০টি, মোবাইল ক্যাটাগরিতে ১১টি ও বাকি ছবি দিয়ে তৈরি করা তিনটি ফটো স্টোরি প্রদর্শনীতে স্থান পেয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.