এইমাত্র পাওয়া

এসএসসিতে তিন, এইচএসসিতে দুই বিষয়ের পরীক্ষা হবে না

নিউজ ডেস্ক।।

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের মাঝামাঝি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বোর্ডের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরও এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে। এছাড়া এসএসসিতে তিনটি বিষয় এবং এইচএসসিতে দুটি বিষয়ে পরীক্ষা থাকছে না। বিজ্ঞানে ৪৫ নম্বর এবং বাণিজ্য ও মানবিকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসির আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়; আর এইচএসসিতে আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না।

এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০। আর ১৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটির মান ১ নম্বর।

এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখানে উত্তর দিতে হবে ৪টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান ১০ করে, আর ১৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটির মান ১ নম্বর। এক্ষেত্রে শুরুতে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে।

জানতে চাইলে রোববার রাতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি (চলতি দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বিকেলে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বসেছি আমরা। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। সভা থেকে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দু’একদিনের মধ্যে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.