নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশের খেলা চালাকালে সময় পেলেই স্টেডিয়ামে ছুটে আসেন ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে এখন মাঠে আসার সুযোগ নেই। তাই, তিনি ফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টিভিতে দেখেছেন প্রধানমন্ত্রী। খেলা চলাকালে নাজমুল হাসান পাপনকে পাঁচবার ফোন করেছেন তিনি। সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এবং ৮৬ রান করা মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন। সীমানায় দাঁড়িয়ে মুজিব-উর-রহমানের অসাধারণ ক্যাচ নেওয়ায় মাহমুদুল হাসান জয়কে পুরস্কৃত করতে বলেছেন।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে বিসিবির সভাপতি বলেছেন, ‘আমি জানি, আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজ খেলার সময় পাঁচবার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন।
খেলা শুরুর দিকে বলেছেন, খুব ভালো খেলছে। সেঞ্চুরির পর অভিনন্দন জানান দুজনকেই। শেষে বললেন, যে ক্যাচটা ধরলো, ওর নাম কী? ওকে পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছেন। আমরা অত্যন্ত খুশি।’
এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জয়ের পর আজ বাংলাদেশ জিতেছে ৮৮ রানের বিশাল ব্যবধানে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
