নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন’ প্রোগ্রাম (পিইডিপি-৪) এর ৬৯ কেন্দ্রের শিক্ষকরা সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন তারা। এখনো দেয়া হয়নি ৬৯টি শিক্ষাকেন্দ্রের মাসিক ১২০০ টাকা হারে ঘর ভাড়া। শুধু তাই নয়, এ কর্মসূচির আওতায় ঝরে পড়া শিক্ষার্থীদের জনপ্রতি ১২০ টাকা হারে উপবৃত্তি দেয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা দেয়া সম্ভব হয়নি। নানা সঙ্কটে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে চলা এ শিক্ষা কর্মসূচি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে কালীগঞ্জ উপজেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম ঝিনাইদহের ছয়টি উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে সদর, কালীগঞ্জ, মহেশপুর ও শৈলকুপা উপজেলায় বেসরকারি সাহায্যকারী সংস্থা ‘সৃজনী বাংলাদেশ’ এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
৪২ মাসের এ প্রোগ্রাম কালীগঞ্জে শুরু হয় ১৭ এপ্রিল ২০২২ তারিখে। প্রথম পর্যায়ে ১৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫৪টি মিলে মোট ৬৯টি শিক্ষাকেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান শুরু হয় কালীগঞ্জে। এতে ২ হাজার ৭০ জন শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করছে। আর পাঠদান করাচ্ছেন ৬৯ জন শিক্ষক। কালীগঞ্জে এ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে সাতজন বিভিন্ন পদে অফিসিয়ালি দায়িত্ব পালন করছেন। শিক্ষক-কর্মচারী মিলে মোট ৭৬ জন বেতন পাচ্ছেন না সাত মাস ধরে।
উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান ঠাণ্ডু জানান, শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে কয়েকটি ব্যাপারে সঙ্কট রয়েছে। আশা করছি খুব দ্রুত এসব সঙ্কট দূরীভূত হবে।
এডুকেশন বাস্তবায়নকারী সংস্থার প্রধান ওহিদুল ইসলাম জানান, শিক্ষা কেন্দ্রের কয়েকটি ঘরের ত্রুটি থাকায় ঘরভাড়া বিলম্ব হয়েছে। শিক্ষক-কর্মচারীদের ৭ মাস বকেয়া পড়েছে বটে, তাও ছাড় হবে দ্রুত। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ নিজ নগদ হিসাবে প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়।
উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ কর্মসূচি মাঠ পর্যায়ে ভালোভাবে পরিচালিত না হলে ত্রুটিযুক্ত শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেবো। আর যেসব সঙ্কটের কথা বলা হচ্ছে তা সমাধান প্রক্রিয়ায় রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
