এইমাত্র পাওয়া

ঘিওরে বাঁশের বেড়ায় অবরুদ্ধ শিক্ষকের পরিবার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ জেলার ঘিওরে উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বাড়িতে চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। গত দুই দিন ধরে ওই পরিবারটি বাড়িতে প্রবেশের পথ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পাঁচ সদস্যের পরিবারটি বিকল্প পথে ঝোপঝাড় মাড়িয়ে চলাচল করছেন। পথ অবরুদ্ধ করা ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়টি নিয়ে গত বুধবার রাতে শিক্ষক পংকজ পালের বাবা পরিতোষ কুমার পাল (৭০) ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শিক্ষক পংকজ পালের বাড়ি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তিনি উপজেলার তরা রমজান আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তার বাবা পরিতোষ কুমার পাল তেরশ্রী কলেজের হিসাব রক্ষক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বাহাদুরপুর গ্রামে সরেজমিন দেখা যায়, ভুক্তভোগী শিক্ষকের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেয়া হয়েছে। কথা বলার জন্য বিকল্প পথে ঝোপঝাড় মাড়িয়ে তারা বাইরে আসেন।

পরিতোষ কুমার পাল অভিযোগ করেন, ৫ এপ্রিল দুপুরে হঠাৎ করেই বাড়ি থেকে বের হওয়ার পথটি বাঁশের বেড়ায় আটকে দেন প্রতিবেশী শ্যামল কুমার পাল, স্বরসতী রাণী পাল ও তার ছেলে চঞ্চল কুমার পাল। বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধারালো দা দিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। বেড়া টপকে বের হলে হত্যা করা হবেÑ এমন হুমকি দেয়ায় তারা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারা প্রভাবশালী, অনেক লোকজনের সাথে ওঠাবসা। তাই প্রাণভয়ে আমরা আতঙ্কে আছি।

অভিযুক্ত শ্যামল কুমার পাল ও তার ছেলে চঞ্চল কুমার পাল বলেন, তাদের বাড়ির সামনের ওই জায়গার মালিক আমরা। আমাদের কাগজপত্র আছে। কিন্তু তারা অবৈধভাবে দখল করে রেখেছে। আমাদের জমি বুঝিয়ে দেয় না। আমাদের জায়গায় আমরা বেড়া দিয়ে আটকে দিয়েছি। এখন একটা ফয়সালা হবে।

স্থানীয় পয়লা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মো: আরশেদ আলী বলেন, ওই জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। পক্ষদ্বয় একে অপরের নিকটাত্মীয়। বিষয়টি স্থানীয়ভাবে আপষের জন্য একাধিকবার এ নিয়ে বসা হয়েছে; কিন্তু কোন সুরাহা হয়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। স্থানীয় চেয়ারম্যান ও উভয়পক্ষকে নিয়ে শুক্রবার বসার জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.