এইমাত্র পাওয়া

৮৩ বিশিষ্ট নাগরিকের সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক।।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় তাকে জামিন ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৮৩ জন বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা সরকারের কাছে অবিলম্বে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, রোজিনার নিঃশর্ত মুক্তি ও তার ওপর নির্যাতনের বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও জোর দাবি করছি।’

বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজসহ সবাই আশা করেছিল যে ‘ঘটনার সংবেদনশীলতা, নাগরিকের জামিন পাওয়ার অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে দৃঢ়তা প্রদর্শন করে’ বৃহস্পতিবারই তার জামিন মঞ্জুর হবে। কিন্তু জামিন আদেশের দিন রোববার ধার্য করা হয়। এ বিষয়ে নাগরিকেরা বিবৃতিতে বলেন, ‘রোজিনাকে জামিনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আদালতের এই বিলম্ব আমাদের যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ করেছে।’

রোজিনার বিরুদ্ধে করা মামলার ধারাগুলোর প্রতিটি জামিনযোগ্য উল্লেখ করে নাগরিকেরা বলেন, জামিন পেলে এই মামলার পরবর্তী শুনানিতে কোনো রকমের জটিলতা সৃষ্টি হতো না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.