এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় যৌ*ন নির্যাতনের শিকার মাদ্রাসাশিক্ষার্থীর ঈদ কাটল আইসিইউতে

নিউজ ডেস্ক।। 

যৌন ও শারীরিক নির্যাতনের শিকার কুষ্টিয়ার মাদ্রাসার সেই শিশুশিক্ষার্থীর (১০) ঈদ কেটেছে এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় শিশুটিকে যৌন নির্যাতন করার আলামত পেয়েছেন চিকিৎসকেরা।

রোববার (২২ মার্চ) দুপুরে শিশুটির বাবা জানান, তার মেয়ের শরীরের অবস্থা আরও খারাপ হয়েছে। গায়ে জ্বর। রাতে মাথায় পানি দেওয়ার জন্য তার মাকে ভেতরে ডেকে নেওয়া হয়।

শিশুটির জ্বরের বিষয়টি আইসিইউ ইনচার্জ নিশ্চিত করেন।

শিশুটির মা জানান, কয়েক দিন থেকেই তার মেয়ের জ্বর আসছে। রাতে অনেক জ্বর ছিল। এ জন্য মাথায় পানি দিতে হয়েছে। গা মুছে দিতে হয়েছে। শিশুটি ঘুমাতে পারছিল না।

জানা যায়, এর মধ্যে এক দিনের জন্য ভুক্তভোগী শিশুটিকে আইসিইউ থেকে ওসিসিতে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আবার দ্রুত ফিরিয়ে আনা হয় আইসিইউতে।

এর আগে, আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, শিশুটির বুকেও বড় আঘাত রয়েছে, যে জন্য তার কাশির সঙ্গে রক্ত বের হচ্ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এরপর কাশির সঙ্গে রক্ত আসা বন্ধ হয়েছে, কিন্তু তার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। তার চেতনা আছে। পাশে দাঁড়িয়ে তার বিষয়ে কথা বললেই সে আতঙ্কগ্রস্ত হয়ে কেঁপে উঠছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সকালে সংকটাপন্ন অবস্থায় কুষ্টিয়ার ভেড়ামারার একটি মাদ্রাসার ওই শিশুশিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি কিছুক্ষণ পরপর আতঙ্কে কেঁপে কেঁপে উঠছিল। অবস্থার অবনতি হলে শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা ভেড়ামাড়া থানায় মামলা করেন। মামলায় মাদ্রাসার পরিচালক, সহযোগী হিসেবে তার স্ত্রী ও একজন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.