এইমাত্র পাওয়া

জন্ম নিবন্ধন করলেই মিলছে উপহার

নিউজ ডেস্ক।।

শিশু জন্ম নেয়ার ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই বাবা অথবা মাকে উপহার দেয়া হচ্ছে ৫০০ টাকা ও একটি গাছের চারা। সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া। এরই মধ্যে তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরসভার সর্বস্তরের মানুষ।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনী বিতান মার্কেটের ৫ম তলায় ১৮টি শিশুর জন্ম নিবন্ধন করায় তাদের সনদপত্র, ৫০০ টাকা ও একটি গাছের চারা উপহার দেয়া হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, আবুল খায়ের স্বপন প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা গেছে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অনেকেই বিষয়টি নিয়ে গাফিলতি করেন। অথচ জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি জেনেও অনেক অভিভাবক অবহেলা করে থাকেন। তাই বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে সঠিকভাবে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.