অনলাইন ডেস্ক।।
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এরই মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ ফেব্রুয়ারির পর যেকোন দিন ফল প্রকাশ করা সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে সেদিন তা সম্ভব হবে।
আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। দু-তিনদিনের মধ্যে সব কাজ শেষ হবে। এখন শুধু ফলাফল প্রকাশে আনুষ্ঠানিকতার বাকি।
গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
