এইমাত্র পাওয়া

৩৮ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশপত্র প্রকাশ হবে শীঘ্রই

অনলাইন ডেস্ক।।

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছিলেন ৩৮ হাজারের বেশি নিবন্ধিত প্রার্থী। পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টের অপেক্ষায় তাদের সুপারিশ পত্র দিয়ে যোগদান নেয়া হচ্ছিল না। তাই প্রাথমিক সুপারিশ পাওয়ার ছয় মাস পরেও তারা যোগদান করতে পারছিলেন না। তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও সুপারিশ পাশাপাশি চালানোর অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে আগামী সপ্তাহে প্রার্থীদের সুপারিশ পত্র প্রকাশের পরিকল্পনা করেছে এনটিআরসিএ। তবে, এ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থী সম্পর্কে আপত্তিকর তথ্য পাওয়া গেলে তাদের সুপারিশ বাতিল হবে।

এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান  বলেন, প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশে আমরা টেলিটকের সাথে আলোচনা করছি। প্রার্থীদের সুপারিশ পত্র প্রকাশ করার জন্য কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহে প্রার্থীদের সুপারিশ পত্র প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে।
জানা গেছে, ২০২১ খ্রিষ্টাব্দে ৩০ মার্চ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর আবেদন গ্রহণ করে ১৫ জুলাই প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার প্রায় ছয় মাসেও যোগদান সম্পন্ন হয়নি। বর্তমানে তাদের পুলিশ ভেরিফিকেশন চলমান। এসব প্রার্থীরা বারবার তাদের দ্রুত যোগদান করানোর দাবি জানাচ্ছিলেন। এদিকে শিক্ষক সংকটে জর্জরিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যহত হচ্ছিল। প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের সাথে সাথে তাদের পূর্ণ সুপারিশ করে যোগদান করানোর অনুমতি চাওয়া হয়েছিল এনটিআরসিএর কাছে। সে বিষয়ে সম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 
সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন নিশ্চিত করেন। জানা গেছে মন্ত্রণালয় এনটিআরসিএ নিয়োগ সুপারিশের বিষয়ে কতগুলো শর্ত দিয়েছে। এরমধ্যে আছে, পুলিশ ভেরিফিকেশনে আপত্তি বা কোনো বিরুপ মন্তব্য পাওয়া গেলে প্রার্থীর সুপারিশ বাতিল হবে এবং এ ধরণের কোন ঘটনা ঘটলে এনটিআরসিএ তা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাবে। 
এদিকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত তাদের সুপারিশ পত্র জারি করে তাদের যোগদানের ব্যবস্থা করার জন্য এনটিআরসিএর প্রতি দাবি জানিয়েছেন। একইসাথে তারা তাদের যোগদান প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.