এইমাত্র পাওয়া

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে

নিউজ ডেস্ক।।

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। যদিও এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এবারও সম্পূর্ণ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী এক/দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, সভা শুরুর পর পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি উত্থাপন করেন। তবে অধিকাংশ সদস্য এর বিপক্ষে মত দেন। ফলে পূর্বের নিয়মেই সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি তোলা হয়েছিল। তবে সেটিতে কেউ রাজি নন। তাই ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে না।

প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে গত বছরের ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.