নিউজ ডেস্ক।।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
দিবসটি পালনে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি পালন করবে বিএনপি। আজ সকাল ৬টায় সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় দৈনিকে জিয়াউর রহমানের ওপর ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি। জিয়াউর রহমানের ছবিসংবলিত পোস্টারও প্রকাশ করেছে দলটি।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, স্বাধীনতা-উত্তর স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক সেই সংকটকালে সিপাহি-জনতার মহাবিপ্লবের তরঙ্গস্রোতে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির প্রধান ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হন। তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব। আর এর জন্য সর্বশক্তি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
