নিউজ ডেস্ক।।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড- এর তৈরিকৃত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য নির্মিত ইলিশ গবেষণা জাহাজ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে জাহাজটি হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
খুলনা শিপয়ার্ড লিঃ এর চত্বরে আয়োজিত জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিশ্বে মাত্র ১১টি দেশ ইলিশ উৎপাদন করে, যার মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। মোট উৎপাদনের ৮০ শতাংশই আমরা উৎপাদন করি। ফলে ইতোমধ্যে ইলিশ বাংলাদেশের ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের জীবনচক্রে নানা পরিবর্তন এসেছে। এসব বিষয়ে গবেষণার জন্য এতদিন কোনো জাহাজ ছিল না। এই জাহাজ ইলিশ তথা মৎস্য গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।’
তিনি মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে এই আধুনিক জাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবহার করে ইলিশ উৎপাদনে কার্যকারী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
এসময় খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খন্দকার আক্তার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেড-এর সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম ভি বিএফআরআই গবেষণা তরী নামের এই ফিশারিজ ভেসেলের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ৬ মিটার, গভীরতা ২.৮০ মিটার, ড্রাফট ১.৪০ মিটার, ডিসপ্লেসমেন্ট ৯০ মেট্রিক টন, সর্বোচ্চ গতি ১০ নটিক্যাল মাইল, হাল ম্যাটেরিয়াল-স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি।
জাহাজটির বিশেষত্ব হলো এর অভ্যন্তরে একটি অত্যাধুনিক ইলিশ গবেষণা ল্যাবরেটরি রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
