জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুফিয়া আজিজ ভিলা নামের ছাত্রী মেসে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে ৬টি কক্ষ পুড়ে গেছে। ঘটনার প্রতিবাদে শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে নবনির্মিত দুটি হল খোলার দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাংলো অবরোধ করেছে।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ছাত্রী মেসটির ৫ নং কক্ষ থেকে। ১৫ মিনিটের মধ্যেই আরও ৫টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে অগ্নি নির্বাপক দলের লিডার একাব্বর আলী।
৬নং কক্ষে থাকা এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ফজরের নামাজের সময় সিলিঙয়ে আগুন টের পেয়ে পাশের রুমের সকলকে ডেকে বের করেন শিক্ষার্থীরা। ৫ থেকে ১০ নং ঘরের কেউই কোনো জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেনি। কেবল সশরীরের বের হয়েছে। যার সত্যতাও নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস দলের লিডার। আগুন নেভানো চেষ্টার এক ঘণ্টার অধিক সময় পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ত্রিশালের ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
ফায়ার সার্ভিসের লিডার একাব্বর আলী বলেন, নিম্নমানের ইলেকট্রিক জিনিস ব্যবহারের কারণেই শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত। ৮-১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি আমরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে আমাদের। আশেপাশে পানির কোনো সোর্স নেই। স্টোরেজ পানি দিয়েই সম্পন্ন করতে হয়েছে।
আগুন লাগার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ছাত্র পরামর্শক ও উপদেষ্টা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানিয়ে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের বেশ ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনা আমাদের এবং শিক্ষার্থীদের আহত করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
