এইমাত্র পাওয়া

বিবাহিত-অন্তঃসত্ত্বা হলে থাকতে পারবেন: ঢাবি প্রভোস্ট কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবাহিত ছাত্রীরা আবাসিক হলে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে থাকতে পারবেন। সন্ধ্যায় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্তঃসত্ত্বা ছাত্রীর ক্ষেত্রে তার শারীরিক সুস্থতার জন্য পারিবারিক পরিবেশে থাকা জরুরি।

ছাত্রীদের হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় বলা আছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই নিয়ম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.