নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামালপুর পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। তাকে গ্রেফতারে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ওই হোটেল ঘিরে রাখা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে থানায় মামলা করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
