এইমাত্র পাওয়া

১০.৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে কুড়িগ্রাম

নিজস্ব প্রতিবেদক।।

শীতের শুরুতেই উত্তরের সীমান্তের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। রবিবার সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এই জেলার মানুষ।

সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

রবিবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কনকনে শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকরা। এই অবস্থায় আমন ধান কাটা ও মারাই চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকরা ঠিকমত মাঠে কাজ করতে পারছেন না।

সদর থানার যাত্রাপুর ইউনিয়নের বলতিপাড়া গ্রামের কৃষি শ্রমিক মন্টু মিয়া বলেন, ‘এত ঠান্ডায় মানুষ তো বিছানা থেকে উঠে নাই, আর আমরা কাজের জন্য মাঠে যাচ্ছি। ধান কাটতে গিয়ে হাত পা বরফ হয়ে যায়। কী আর করার, কাজ না করলে যে সংসার চলবে না।’

সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার মিনা  বলেন, ‘গতকাল থেকে খুবই ঠান্ডা পড়ছে। ঠান্ডায় বাহির হওয়া যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার  জানান, রবিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী ২০ তারিখের পর ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.