নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে, সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষক এবং শিক্ষার্থী—দুই দিক থেকেই আমাদের ঘাটতি আছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে, যেন তারা অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না, বরং যা শিখব, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।’
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
