এইমাত্র পাওয়া

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

নিউজ ডেস্ক।।

এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কার্যক্রমের আওতায় ২০২২–২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪ টার মধ্যে আবেদন করা যাবে।

এ স্কলারশিপ এর আওতায় যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে থাকার জন্য কোনো একটি কলেজে ভর্তি হতে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তবে পড়াশোনা শেষে নতুন জ্ঞান, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে শিক্ষার্থীদের আবার দেশে ফিরে আসতে হবে।

বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসি সূত্রে জানা যায়, গত ৯ বছরে বাংলাদেশের ৬৬ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীন ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলোতে কৃষি, ফলিত প্রকৌশল, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রাক-শৈশব শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সামাজিক সেবা, স্বাস্থ্য ও জননিরাপত্তা এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীরা জে–১ ভিসা পাবেন।
* সীমিত দুর্ঘটনা ও অসুস্থতাজনিত ভাতা।
* যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার বিমান খরচ।
* টিউশন ও কলেজ ফি।
* আবাসন ও খাবার খরচ।
* বই, শিক্ষা উপকরণ ও সাধারণ ব্যয়ের জন্য আর্থিক সুবিধা।

আবেদনের যোগ্যতা:

* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে।
* স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। তবে শেষ বর্ষ আবেদনের যোগ্য নয়।
* ইংরেজি দক্ষতা থাকতে হবে।
* পড়াশোনা শেষে দেশে ফিরে আসতে হবে।
* আবেদনকারী কোনো অভিযোগে গ্রেপ্তার হলে বা কখনো দোষী সাব্যস্ত হলে তাঁর আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া:

আবেদন পত্র অনলাইন থেকে ডাউনলোড করে আগামী ৯ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে আমেরিকান সেন্টারের ঠিকানায় (আমেরিকান সেন্টার, ইউএস দূতাবাস অ্যানেক্স, জে ব্লক, প্রগতি সরণি, বারিধারা, মার্কিন দূতাবাস কার্যালয়ের বিপরীতে, ঢাকা–১২১২) পাঠাতে হবে। আবেদন ফরম পেতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ShahidTX@state.gov ঠিকানায় ই–মেইল বা (০২) ৫৫৬৬–২৮০৮ নম্বরে ফোন করা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.