নিউজ ডেস্ক।।
স্কুলশিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা পাওয়ার সুবিধায় এবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়ে বলেছেন, খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্কুলশিশুদের টিকাদান নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক।
করোনা ভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে
১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। তবে স্কুলে স্কুলে না গিয়ে একটা কেন্দ্রে আশপাশের অন্তত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এতে শিক্ষার্থীদের টিকাদানে সমস্যা হচ্ছিল।
জাহিদ মালেক বলেন, যেসব স্কুলে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্র নাই, ওই স্কুলে আমাদের টিম গিয়ে টিকা দেবে। এখন যে কেন্দ্রগুলোয় টিকা দেওয়া হচ্ছে, তাও চলবে বলে জানান তিনি। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, সেটাই দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ফাইজারের টিকা হিমাঙ্কের নিচে ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এই টিকা দিতে হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। এ অবস্থায় এই টিকা সবগুলো স্কুলে নিয়ে যাওয়া সম্ভব কিনা, সাংবাদিকরা প্রশ্ন করেন স্বাস্থ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, এটা একটা চ্যালঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমাদের স্কুলের শিশুদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
