এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে

নিউজ ডেস্ক।।

করোনার কারণে বিলম্বে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশে^ এখনো মহামারী চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের করোনা পরিস্থিতিকে সামাল দিয়েছেন, এ জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, দেরিতে হলেও আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। তবে আগামীতে তা আমরা সমন্বয় করব। আশা করি কারও কোনো অসুবিধা হবে না। ইনশাআল্লাহ আগামীতে এবারের মতো এত দেরি হবে না।

এর পর দীপু মনি শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করে বলেন, ২২ লাখ শিক্ষার্থীর টিকা দেওয়ার সুযোগ ছিল না। এখনো দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিস্থিতি নেই। এর পরও আমরা অতিদ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.