এইমাত্র পাওয়া

ডায়াবেটিস সম্বন্ধে প্রচলিত কিছু ভুল ধারনা

অনলাইন ডেস্ক।।

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত রোগগুলোর মধ্যে একটি ডায়াবেটিস। তাই স্বাভাবিকভাবেই এই রোগ নিয়ে ভুল ধারণাও বেশি ছড়াবে। জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে নিয়মশৃঙ্খলা মেনে চলা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার ফলে ডায়াবেটিসসহ নানা রোগ শরীরে বাসা বাঁধতে পারে। এই রোগে আক্রান্ত হলে জীবনযাপনে আনতে হয় ব্যাপক পরিবর্তন। মিষ্টি খাওয়া বাদ দিতে হয়, পাশাপাশি কিছু বিশেষ খাবার বেশি করে খাওয়ার উপদেশ দেন চিকিৎসকেরা।

এই রোগটি ঘিরে এখনও বহু মানুষের মধ্যে প্রচলিত আছে একাধিক ভুল ধারণা। এ ভুল ধারণাগুলো না ভাঙতে পারলে ক্ষতি হতে পারে শরীরের।

কার্বোহাইড্রেট খাওয়া যাবে নাঃ
ডায়াবেটিস হওয়া মানেই যে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এই ধারণা ঠিক নয়। কার্বোহাইড্রেটের পরিমাণ এবং খাওয়ার সময় নিয়ে কিছু বিধিনিষেধ থাকতে পারে। তার মানে এই নয় যে, কার্বোহাইড্রেট খাওয়া ডায়াবিটিসের রোগীদের জন্য একেবারেই নিষিদ্ধ।

কৃত্রিম চিনি যত খুশি খাওয়া যায়ঃ
সাদা চিনি খাওয়া বারণ বলেই নানা ধরনের কৃত্রিম চিনি নিশ্চিন্তে খাওয়া শুরু করে দেবেন না। সেটা অনেক সময়েই ক্ষতিকারক হতে পারে। কৃত্রিম চিনি খেলে তা শরীরের ইনসুলিন রেজিসটেন্স-এর ক্ষমতার ব্যাঘাত ঘটাতে পারে।

মিষ্টি বেশি খেলে কি ডায়াবেটিস হয়ঃ
সরাসরি মিষ্টি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার কোনো যোগসূত্র নেই। মিষ্টি বেশি না খেলেও ডায়াবেটিস হতে পারে। আসলে পারিবারিক ইতিহাস, ওজন বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মিষ্টি বেশি খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কারণ, মিষ্টি দ্রব্যে ক্যালরি বেশি আর এ কারণে ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা বাড়ে।

ওষুধ খেলে মিষ্টি খাওয়া নিতে চিন্তার প্রয়োজন নেইঃ
ডায়াবিটিসের ওষুধ নিয়মিত খাচ্ছেন মানে আপনার মিষ্টি খাওয়া নিয়ে কোনও চিন্তার বিষয় রইল না, এটি একেবারেই ভুল ধারণা। ওষুধের সঙ্গে সঙ্গে যদি বাকি বিধিনিষেধ না মানেন, তা হলে সেই ওষুধের কার্যকারিতাও কমে যেতে পারে।

ইনসুলিনই শেষ চিকিৎসাঃ
ব্যাপারটা এমন নয় যে ইনসুলিন দেওয়া হচ্ছে মানে আপনার অবস্থা খুব জটিল। ইনসুলিন একজন ডায়াবেটিস রোগীর জীবনে যেকোনো সময়েই লাগতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায়, যেকোনো বড় অস্ত্রোপচারের আগে-পরে, কোনো গুরুতর রোগে হাসপাতালে থাকাকালীন বা মারাত্মক কোনো সংক্রমণের সময়, কিডনি বা যকৃতের ইত্যাদি জটিলতায় ইনসুলিনই সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ চিকিৎসা। এ ছাড়া কোনো কারণে রক্তে শর্করা অনেক বেড়ে গেলেও ইনসুলিন দরকার হয়।

ডায়াবেটিস সারা জীবন থাকতে পারেঃ
ডায়াবেটিস ধরা পড়া মানেই যে সারা জীবনের জন্য এই রোগ সঙ্গে করে নিয়ে চলতে হবে, তা নয়। ঠিকঠাক নিয়ম মেনে চললে এবং ওষুধ নিয়মিত খেলে, ডায়াবিটিসের মতো রোগও সেরে যেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.