নিউজ ডেস্ক।।
করোনা মহামারীর কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার। অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। ২০১৯ সালে নবম শ্রেণিতে নিবন্ধন থেকে চূড়ান্ত পরীক্ষার ফরমপূরণ পর্যন্ত পৌনে তিন লাখ শিক্ষার্থী মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে। তারপরও নির্বাচনী পরীক্ষা না থাকায় গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে।
সকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার মাধ্যমিকে নির্বাচিত তিনটি বিষয়ে ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে না।
গতকাল ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও কেন্দ্রের
কর্মী ছাড়া অন্য কেউ কেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর সারাদেশে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার্থী ১৮ লাখ ৯৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।
এসএসসিতে ৫ লাখ ৬ হাজার ৮৩১ জন বিজ্ঞান শাখা, ৯ লাখ ২৪ হাজার ৮৫ জন মানবিক শাখা এবং ৩ লাখ ৭০ হাজার ৮২ জন বাণিজ্য শাখার শিক্ষার্থী। বিদেশে ৯টি কেন্দ্র- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের অ্যাথেন্সে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থী সংখ্যা ৪২৯ জন।
শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ২২ লাখ ২৭ হাজার ১১৩ জনের মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১৬ লাখ ৭০ হাজার ৩৮০ জন। অথচ ২০১৯ সালে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। এ হিসাবে নিবন্ধন থেকে ফরমপূরণ পর্যন্ত দুই বছরের মধ্যে ঝরে পড়েছে দুই লাখ ৭৭ হাজার ৬৭৬ জন; প্রায় ১৬ শতাংশ। এদের মধ্যে ছাত্রী ১ লাখ ৯৯ হাজার ৮১৪ জন। ছাত্র ৭৭ হাজার ৮৬২ জন। ঝরে পড়া শিক্ষার্থীদের ৭২ শতাংশই ছাত্রী।
শিক্ষাবিদদের ধারণা, ঝরে পড়া শিক্ষার্থীদের অনেকেই হয়তো শিশুশ্রমে যুক্ত হয়েছে কিংবা বিয়ে হয়ে গেছে। মহামারীতে দারিদ্র্যের কারণেও অনেকের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী আমাদের সময়কে বলেন, ‘লেখাপড়া ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ছাত্রী- এই খবর উদ্বেগজনক। এসব ছাত্রছাত্রীকে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার।’ তিনি আরও বলেন, ‘কেন ঝরে পড়ল এবং অন্য স্তরের কী অবস্থা, তা চিহ্নিত করতে নিরপেক্ষ সমীক্ষা দরকার।’
পরীক্ষার প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২০ সালের সঙ্গে তুলনা করলে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন, বা ৮ দশমিক ৭৬ শতাংশ। এ বছর অনিয়মিত পরীক্ষার্থী আছে ৫ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন।
সাধারণত বোর্ড পরীক্ষা সামনে রেখে সব স্কুল ও মাদ্রাসায় নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। এতে উত্তীর্ণ হতে না পারলে সাধারণত চূড়ান্ত পরীক্ষার সুযোগ মেলে না। কিন্তু এ বছর নির্বাচনী পরীক্ষা হয়নি। এ কারণে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
