নিউজ ডেস্ক।।
দেশের ১০ ওষুধ কোম্পানি করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ তৈরি করবে। এটি একটি ক্যাপসুল। ইতোমধ্যে তিন ওষুধ কোম্পানিকে জরুরি ভিত্তিতে মলনুপিরাভির তৈরি করার অনুমতি দেয়া হয়েছে। আরো সাত ওষুধ কোম্পানির অনুমোদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মো: মাহবুবুর রহমান। প্রতিটি ক্যাপসুলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
ইতোমধ্যে মলনুপিরাভির জিকা ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করে ফল পাওয়া গেছে।
সেই চিন্তা থেকেই যুক্তরাষ্ট্রের মার্ক ও রিজবেক কোম্পানির গবেষকেরা মলনুপিরাভির করোনায় কাজ করে কি না তা নিয়ে পরীক্ষা করে। পরীক্ষায় আশাতীত ফল পাওয়া যায়। এরপর গত ৪ নভেম্বর যুক্তরাজ্য মলনুপিরাভির দেশে ব্যবহারের অনুমোদন প্রদান করে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলো মলনুপিরাভির করোনায় কাজ করার খবর আগেই পেয়ে আসছিল। তখন থেকে ওষুধ কোম্পানিগুলো মলনুপিরাভির তৈরির প্রস্তুতি নিতে থাকে। অবশেষে গতকাল মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতর থেকে ওষুধটি জরুরি ভিত্তিতে অনুমোদনের কথা গণমাধমে জানানো হয়।
মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, গত ৮ অক্টোবর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে মলনুপিরাভির আইএনএন ২০০এমজি ক্যাপসুল জরুরিভাবে বাজারজাত করার অনুমোদন দেয়া হয়েছে। পরদিন ৯ অক্টোবর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকেও জরুরি বাজারজাতকরণের অনুমোদন দেয়া হয়। এর বাইরে আরো সাতটি ওষুধ কোম্পানিকে মলনুপিরাভির জরুরি ব্যবহার অনুমোদনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, গত ৪ নভেম্বর যুক্তরাজ্যের ওষুধ অনুমোদন প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) বহুজাতিক কোম্পানি মার্কের উৎপাদিত মলনুপিরাভিরের অনুরূপ ক্যাপসুল ‘মলনুপিরাভির আইএনএন ২০০এমজি’ ক্যাপসুল ডোজেজ ফর্মে অনুমোদন প্রদান করেছে। ওষুধটি কোভিড-১৯ রোগের চিকিৎসায় কার্যকর হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হওয়ায় যুক্তরাজ্যের কর্তৃপক্ষ অনুমোদন প্রদান করেছে।
আরো যে ৭টি ওষুধ কোম্পানি মলনুপিরাভির তৈরির অনুমোদন চেয়েছে সেগুলো হলো মেসার্স রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স রেনাটা লিমিটেড, মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, মেসার্স হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কিভাবে মলনুপিরাভির শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে, বিজ্ঞান জার্নালের তথ্য অনুসারে, মলনুপিরাভির করোনাভাইরাস মানব শরীরে কপি হতে কোনো হস্তক্ষেপ করে না। তবে ভাইরাল এমআরএ যখন রেপ্লিকেট (অবিকল আরেকটি) করে নতুন ভাইরাস সৃষ্টি করতে যায় তখন এর ডিএনএতে প্রচুর ভুল সঙ্কেত ঢুকে যায়। প্রচুর ভুল সঙ্কেতের কারণে ভাইরাসটি আর পূর্ণাঙ্গ হতে পারে না। নতুন ভাইরাস উৎপাদন করতে না পারায় এক সময় করোনা আক্রান্ত ব্যক্তি ভাইরাসমুক্ত এবং সুস্থ হয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে মো: মাহবুবুর রহমান ওষুধটির খাওয়ার নিয়মাবলিও বলে দিয়েছেন। তিনি বলেন, মলনুপিরাভিরের ৮০০ মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুইবার করে পাঁচ দিন খেতে হবে। এই ওষুধটি অনুমোদনের মাধ্যমে দেশে কোভিড-১৯ চিকিৎসায় আরো এক ধাপ অগ্রগতি হলো বলে তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
