এইমাত্র পাওয়া

২০ মাস পর করোনায় মৃত্যু ১জন

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা ফিরে গেল মহামারীর শুরুর পর্যায়ে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে।
শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তিনি ঢাকা বিভাগে মারা গেছেন। তার বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.