এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ের বাসে মিলবে ওয়াইফাই

নিউজ ডেস্ক।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতের বাসে পেতে যাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই সুবিধা দিতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ ব্যয় করতে বিধিমালা তৈরি করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর দেওয়া ক্ষমতা বলে এ বিধিমালা জারি করা হয়।

এতে বিদ্যমান সুবিধাবঞ্চিত এলাকার টেলিযোগাযোগ বাড়ানোসহ আরও কয়েকটি খাতে এ অর্থ ব্যয়ের বিধান রেখে জারি করা হয়েছে ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা ২০২১’। গত ২ নভেম্বর এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন এ বিধিমালায় বিদ্যমান ২০১৪ সালের বিধিমালা রহিতকরণ, তার অধীনে কৃতকাজ এবং সিদ্ধান্ত এ বিধিমালায় ন্যস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন বিধিমালায় যেসব খাতে সামাজিক দায়বদ্ধতার অর্থ খরচ করা যাবে, সেগুলো হলো-ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রকল্প, টেলিকম সিস্টেম মনিটরিং, প্রতারণা প্রতিরোধে ও নির্ণয় সংক্রান্ত প্রকল্প, সুবিধাবঞ্চিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংযোগ বা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে, তা দ্রুত মেরামত বা পুনরুদ্ধার সংক্রান্ত প্রকল্প।

এ ছাড়া সুবিধাবঞ্চিত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিবিষয়ক প্রকল্প, সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের জন্য গৃহীত কার্যক্রম বাস্তবায়নবিষয়ক প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেসব বাসে যাতায়াত করেন, সেসব বাসে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা প্রদানবিষয়ক প্রকল্প।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.