এইমাত্র পাওয়া

‘বঙ্গবন্ধু শিল্প পুরস্কার’ পেল যে ২৩ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক।।

দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাত ক্যাটাগরিতে মোট ২৩ শিল্পপ্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দেয়া হয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিল্প সচিব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিল্প মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছর প্রথমবারের মতো এ পুরস্কারটি প্রবর্তন করে। শিল্পমন্ত্রী বলেন, শিল্পোদ্যোক্তাদের অবদান ও তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় এ পুরস্কারটি প্রববর্তন করেছে।

তিনি আরো বলেন, বিদ্যমান জাতীয় শিল্পনীতিতে বর্ণিত শিল্পপ্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী মোট সাত ক্যাটাগরির শিল্পের প্রতিটিতে তিনজন করে মোট ২১ জন শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে এবার থেকে প্রতিবছর (১ জুলাই-৩০ জুন সময়ের জন্য) এ পুরস্কার দেয়া হবে। এ বছর দুইটি ক্যাটাগরিতে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেয়া হয়।

পুরস্কৃত ২৩ প্রষ্ঠান
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম, জজ ভূঞা টেক্সটাইল মিলস দ্বিতীয় ও আদুরী এপারেলস লিমিটেড ও ইউনিভার্সেল জিন্স লিমিটেড যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে অকো-টেক্স লিমিটেড ও ফরচুন সুজ লিমিটেড য়ৌথভাবে প্রথম, রহিম আফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেড দ্বিতীয় ও মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে আমান প্ল্যাস্টিক ইন্ডাস্ট্রিজ প্রথম, এসআর হ্যান্ডিক্রাফটস দ্বিতীয় ও আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ, জনতা ইঞ্জিনিয়ারিং যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে সার্ভিস ইঞ্জিন লিমিটেড প্রথম, সুপার স্টার ইলেক্ট্রনিক্স লিমিটেড দ্বিতীয়, মীর টেলিকম লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে।

হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে ক্লাসিক হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি প্রথম, আয়োজন দ্বিতীয় ও সোনারগাঁ নকশী কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা তৃতীয় পুরস্কার পায়। কুটির শিল্প ক্যাটাগরিতে কুমিল্লা আর্টস অ্যান্ড ক্রাফটস প্রথম, রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস) দ্বিতীয় ও অগ্রজ তৃতীয় পুরস্কার লাভ করে।
সূত্র : বাসস


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.