এইমাত্র পাওয়া

প্রেসক্লাবে রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধ

নিউজ ডেস্ক।।

জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদসহ যেকোন রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি আয়োজন বন্ধ করেছে ব্যবস্থাপনা কমিটি।

বুধবার প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয় তারা।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভার সিদ্ধান্তে বলা হয়, আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেয়া হবে না। জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদসহ যেকোনো দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়।

এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবস্থাপনা কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে।

কমিটি এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে সার্বিক সহযোগিতা কামনা করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপিতে ১০ অক্টোবর ক্লাব অডিটোরিয়ামে অন্য একটি সংগঠনের ব্যানারে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যে মতবিনিময় অনুষ্ঠানটি হয় সেটি সম্পূর্ণ আইন বহির্ভূত বলেও জানান ফরিদা ইয়াসমিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.