এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করেছেন সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীলকমল পাল।

আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ আবু তাহেরের আদালত মামলার এজাহার আমলে নিয়েছেন।দুদকের কৌঁসুলি অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারভুক্ত আসামি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশীদ (৫৬)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়ায় কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০-১১ সাল থেকে ২০২০-২১ সাল পর্যন্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ অবৈধভাবে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন করেন। কৌঁসুলি অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু জানান, দুদকের সব মামলাই চূড়ান্তভাবে আদালতে দাখিলের আগে নিবিড় পর্যবেক্ষণ তদন্ত করা হয়।

এর মধ্যে যেগুলোর প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়, সেগুলোই চূড়ান্ত মামলা হিসেবে আদালতে দাখিল করা হয়। এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে।

তিনি আরও জানান, আজ (সোমবার) বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট দুদক কর্মকতাগণ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.