নিউজ ডেস্ক।।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান মো. নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিন বছরের জন্য তাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর সেকশন ৪(২) এবং সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিসের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ সর্বশেষ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ২০১৪ সালের ৪ আগস্ট চুক্তিতে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন মমতাজ উদ্দিন। পরে তার চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। সর্বশেষ গত আগস্টে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মমতাজ উদ্দিনের মেয়াদ শেষ হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
