নিউজ ডেস্ক।।
দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্তি ও শিক্ষার্থীদের জীবনমান উন্নতকরণসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রার শুরু করেন তারা। পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওয়ানা হলে শাহবাগে পুলিশের বাঁধার সম্মুখীন হয় তারা। পরে শাহবাগে অবস্থান করে মানববন্ধন করেন সংগঠনটি।
গাইবান্ধা জেলার আহমেদপুর বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বলেন, আমি সাত বছর ধরে স্কুল থেকে একটি টাকাও পাইনি। ছেলে-সন্তান ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তার ওপর আবার আমরা নিজস্ব টাকায় শিক্ষার্থীদের যাতায়াত, টিফিন, শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দিয়ে থাকি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সারাদেশের প্রায় ২ হাজার প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করুন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে নেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
মানববন্ধনে প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষে ১১টি দাবি পেশ করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু। তাদের দাবিগুলো হলো-
১.প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদান।
২. স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সব ধরনের সুবিধাদান নিশ্চিতকরণ।
৩. সব বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান।
৪. সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ।
৫. প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা।
৬. সব বিদ্যালয়ে চাহিদানুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা।
৭. প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা।
৮. শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৯. শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করা।
১০. প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা।
১১. শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্ম-নির্ভরশীল জীবন-যাপনের নিশ্চয়তা প্রদান করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
