এইমাত্র পাওয়া

কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষার খাতা বিতরণ শুরু ১৭ অক্টোবর

নিউজ ডেস্ক।

চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল খাতা, অতিরিক্তি উত্তরপত্র, এমসিকিউসহ আনুষঙ্গিক সরঞ্জাম ১৭ অক্টোবর থেকে কেন্দ্রগুলোতে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

২৮ অক্টোবর পর্যন্ত এসব সরঞ্জাম বিতরণ করা হবে। বোর্ড থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণের সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত দিনে কেন্দ্রগুলোর কেন্দ্রসচিব বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে এসব সরঞ্জাম গ্রহণ করতে হবে।

জানা গেছে, ১৭ অক্টোবর ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোকে, ১৮ অক্টোবর কিশোরগঞ্জ ও শরিয়তপুর জেলার কেন্দ্রগুলোকে, ২০ অক্টোবর নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলার কেন্দ্রগুলোকে, ২১ অক্টোবর নরসিংদী ও রাজবাড়ী জেলার কেন্দ্রগুলোকে, ২৩ অক্টোবর মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার, ১৪ অক্টোবর টাঙ্গাইল জেলার কেন্দ্রগুলোকে, ২৫ অক্টোবর গাজীপুর জেলার কেন্দ্রগুলোকে, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীর ঢাকা-১ থেকে ঢাকা-৪৫ কেন্দ্রগুলোকে এবং ২৮ অক্টোবর ঢাকা-৪৬ থেকে রাজধানীর অবশিষ্ট কেন্দ্রগুলোকে উত্তরপত্র ও অনুষাঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হবে।

শিক্ষা বোর্ড বলছে, কেন্দ্রসচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষকের (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) মাধ্যমে নির্ধারিত তারিখে সরঞ্জাম গ্রহণ করতে হবে। শিক্ষক ছাড়া কোন অবস্থাতেই অফিস সহকারী বা অন্য কাউকে প্রাধিকারপত্র দেয়া যাবে না।

প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের বেলার সরঞ্জাম গ্রহণের আবেদনপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ের ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ের ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলা প্রাধিকারপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে এবং সরঞ্জাম গাড়িতে উঠানোর জন্য বোর্ড কর্তৃপক্ষ কোন ব্যায় বহন করবে না।

চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.