নিজস্ব প্রতিবেদক।।
নির্বাচনী পরীক্ষা না থাকা সত্ত্বেও ২০২১ সালে রেজিষ্ট্রেশন করা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে এসএসসির ৩৫ হাজার ৪৯১ জন এবং এইচএসসির ২৪ হাজার ৯৯৪ জন। করোনায় বাসস্থান পরিবর্তন, আর্থিক সংকট, বাল্যবিবাহ এবং পড়াশুনা ছেড়ে কাজে লেগে যাওয়ায় এই বিপুল পরিমান শিক্ষার্থী পরীক্ষায় বসছে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম বলেন, করোনাকালীন সময়ে সংকটের কারনে যারা ফরম পূরন করতে পারে নি তাদের কেউ যদি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এসে সশরীরে আবেদন করে- তাদের ফরম পূরণের বিষয়টি বিবেচনা করবে বোর্ড। পরীক্ষা শুরুর ৮-১০ দিন আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেসব আবেদন নিবে বোর্ড। তবে এ ব্যাপারে নিজেদের স্কুল কিংবা কলেজে সাথে যোগাযোগ করতে হবে শিক্ষার্থীদের।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেণী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ২ লাখ ৩৪ হাজার ৩৮৫ এসএসসির রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন। যেখানে ঝরে পরেছেন ৩৫ হাজার ৪৯১ জন। অন্যদিকে এই ৬ জেলার ১ লাখ ৪১ হাজার ৪৭৪ জন এইচএসসির জন্য রেজিষ্ট্রেশনধারীর মধ্যে পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৪৮০ জন। ঝরে পরেছেন ২৪ হাজার ৯৯৪ জন। ৬০ হাজার ৪৮৫জন ফরম পূরণ না করলেও গত ৫ বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, অন্যান্য বছর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হবার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পরে। তবে এবছর নির্বাচনী পরীক্ষা ছিলো না। তারপরও এত শিক্ষার্থী ঝরে পরার কি কারণ তা খুঁজে বের করা হবে।
বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধানদের সাথে জানা গেছে, ঝরে পরাদের মধ্যে বেশির ভাগই মেয়ে। বাল্যবিবাহ এবং পরিবারের আর্থিক সংকটের কারণেই ফরমপূরণ করতে পারেনি তারা। ছেলেদের ক্ষেত্রে করোনাকালীন বন্ধের সময় কাজে লেগে যাওয়ায় অনেকেই আর ফিরেনি স্কুল এবং কলেজে।
আগামী ১৪ নভেম্বর এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ ও প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বিভাগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
