এইমাত্র পাওয়া

টিউশনির টাকা না পেয়ে জিডি করলেন জবির শিক্ষার্থী

অনলাইন ডেস্ক।।
টিউশনির বেতনের টাকা না পেয়ে এক অভিভাবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মো. তানভীর আলম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর ওয়ারি এলাকার র‍্যাংকিন স্ট্রিটের একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়াটিয়া মো. আজহারের বিরুদ্ধে এই জিডি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, তানভীর ও নাজমুল হাসান শিমুল নামের দুই শিক্ষার্থী মোট ৭ হাজার ৫০০ টাকা পান ওই অভিভাবকের কাছে। সেই পাওনা টাকা দাবি করলে করলে দুই শিক্ষার্থীকে গালিগালাজ ও হুমকি দেন আজহার।
এ ব্যাপারে নাজুল হাসান শিমুল বলেন, করোনাকালে এই টাকাটুকু খুবই দরকার ছিল। এই দুঃসময়ে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য টাকা না দেওয়া খুবই অমানবিক। সেই অভিভাবকের কাছে আরো ২ জন শিক্ষক টাকা পান। তিনি সন্তানকে পড়িয়ে নেওয়ার পর আর টাকা দেন না। এক শিক্ষককে তিন-চার মাসের বেশি রাখেন না তারা। পাশাপাশি সবার সাথে একই প্রতারণা করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী তানভীর বলেন, আমার সাথে আইসিটি কোর্স সম্পন্ন করে দেওয়ার চুক্তি ছিলো। পড়ানো শেষে টাকা চাইতে গেলে আমাকে দিনের পর দিন ঘুরিয়েছেন। গত মাসে টাকা চাইতে গেলে উনি আমাকে হুমকি-ধমকি ও গালাগালি দেন। একইসঙ্গে টাকা দিতেও অস্বীকার করেন। এ ঘটনার শিকার আমার আরো পরিচিত দুইজন। তারাও ওই ব্যক্তির কাছে টাকা পান।
ভুক্তভোগী রুবেল নামে আরেক শিক্ষার্থী বলেন, আমি উনার মেয়েকে পদার্থবিজ্ঞান ও রসায়ন পড়াতাম। দুই মাসের আট হাজার টাকা পাই। কিন্তু আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছেন, টাকা দিচ্ছেন না। আমরা সুষ্ঠু বিচার চাই।
ওয়ারি থানার এসআই জহির বলেন, আমরা বিষয়টি দেখছি। কোর্ট অনুমোদন আসার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। থানায় কথা বলবো বিষয়টি আরো গুরুত্বের সাথে দেখার জন্য। শিক্ষার্থীরা যেন তাদের ন্যায্য টাকা বুঝে পায় সেই ব্যবস্থা করবো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.