নিউজ ডেস্ক।।
গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই কক্ষটি তালা বন্ধ করে দিয়েছে।
গোপালগঞ্জ পৌরসভার ১০২ নং বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালীসা ইসলামের র্যাপিড টেস্টে করোনা পজিটিভ আসে ২১ সেপ্টেম্বর। মোনালীসা ইসলাম পৌরসভা শিশুবন এলাকার মাসুদ শেখের মেয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২সেপ্টেম্বর থেকে বিদ্যালয় পাঠদান শুরু হয়েছে। ওই দিন অন্যান্য শিক্ষার্থীদের সাথে পাঠদানে অংশ নিয়ে মোনলীসা ইসলাম বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ গ্রহণ শুরু করে। ১৪ সেপ্টেম্বর মোনালীসার মাথা ব্যাথা ও জ্বর শুরু হয়। এরপর থেকে সে আর বিদ্যালয়ে আসেনি।
আক্রান্ত মোনালীসার মা মিতু খানম বলেন, এতো দিন আমার মেয়ে বাড়িতে ছিলো এবং সুস্থ ছিলো। গত ১২ সেপ্টেম্বর মেয়েকে বিদ্যালয়ে পাঠাই ১৪ সেপ্টেম্বর সে মাথা ব্যাথা হালকা জ্বর অনুভব করে। ১৫ সেপ্টেম্বর থেকে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেই। ২১ তারিখে তার জ্বর না কমায় নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করতে দেই।
ওই দিনই তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তাকে গোপালগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে দুই দিন অক্সিজেন দেওয়ার পর এখন কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমাদের পরিবারে অপর কোন সদস্য করোনা আক্রান্ত হয়নি।
বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, মোনালীসা ইসলাম সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বিদ্যালয় ক্লাস করে।
সেই দিন তার মধ্যে করোনার কোন উপসর্গ জ্বর ও মাথা ব্যথা লক্ষ্য করা যায়। এরপর তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। আমরা সার্বক্ষণিক তার পরিবারে সাথে যোগাযোগ রাখছি। এছাড়া সে যে কক্ষে ক্লাস করেছিলো সেই কক্ষটি স্থানীয় প্রশাসনের নির্দেশে ২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি শ্রেণির ক্লাসগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। তবে অন্য কোন শিক্ষার্থীদের মধ্যে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। আমরা শিক্ষার্থীদের নিয়মিত তাপমাত্রা মেপে শ্রেণি কক্ষে প্রবেশ করাচ্ছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
