নিউজ ডেস্ক।।
জামালপুরের ইসলামপুরে মাদরাসার তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক প্রধান শিক্ষকসহ চার শিক্ষকের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নিখোঁজ ছাত্রী মীম আক্তারের বাবা মো: মনোয়ার হোসেন ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল।
অভিযুক্ত ওই চার শিক্ষক হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝড়াকুড়া গ্রামের মোশাররফের ছেলে ও মাদরাসার মুহতামিম (অধ্যক্ষ) মাওলানা মো: আসাদুজ্জামান (৩৩), একই উপজেলার পাইকুড়া গ্রামের মো: রোকনুজ্জামান কাজলের মেয়ে ও মাদরাসার সহকারী শিক্ষক মোছা: রাবিয়া আক্তার (২০), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের মজিবর রহমান জোদ্দারের ছেলে ও মাদরাসা শিক্ষক মো: ইলিয়াস আহমেদ (৩০) এবং ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ
দরিয়াবাদ গ্রামের মো: ইসমাইল হোসেনের মেয়ে ও মাদরাসা শিক্ষক শুকরিয়া (১৯)।
বুধবার দুপুরে মানবপাচারের অভিযোগে দায়ের হওয়া মামলাটি আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার ভোরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার সভুকড়া দারুতাক্কুয়া কওমি মহিলা মাদরাসা থেকে মীম (৯), মনিরা (১১) ও সুর্য্যবানু (১০) নামের দ্বিতীয় শ্রেণীর তিন ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান।
তখন মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান জানিয়েছিলেন, রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য সকল ছাত্রীকে ডেকে উঠানো হয়। নামাজের পর ওই তিন ছাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। পরে অভিভাবকদের বিষয়টি জানানো হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মাদরাসাটি বন্ধ করে দিয়ে মুহতামিমসহ চার শিক্ষককে আটক করে পুলিশ। নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান মোড়ল জানান, সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজেদুর রহমান বলেন, আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তিনি আরো জনান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষকরা জানিয়েছেন যে ওই ছাত্রীরা মাদরাসা পালিয়ে গেছে। এর বেশি কিছু তারা জানেন না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
