এইমাত্র পাওয়া

চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার খবর সঠিক নয়: মহাপরিচালক

নিউজ ডেস্ক।।

চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিপিই মহাপরিচালক বলেন, চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দুটি বড় পাবলিক পরীক্ষা আছে। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। নির্বাচনের সময় আমাদের সব শিক্ষক ব্যস্ত হয়ে পড়বেন। ফলে এই সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আমরা চলতি অর্থ বছরের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবো। এক্ষেত্রে আগামী জুন মাসে সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এর আগে দেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘চলতি বছরই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। তবে এর কোনো সত্যতা নেই বলে ডিপিই মহাপরিচালক নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.