নিউজ ডেস্ক।।
স্কুল ভবনের কাজ চলছে, তাই দেড় বছর পরেও স্কুলে ফিরে শ্রেণিকক্ষে বসতে পারেনি শিক্ষার্থীরা। ক্লাস করতে হয়েছে গাছতলায়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা নিজ অঙ্গনের গাছতলায় ক্লাস করলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের যেতে হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
রবিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। চারঘাটের পিরোজপুর এলাকার ওই বিদ্যালয়টি ছিল টিনশেডের। অফিস, স্টোররুম ও শ্রেণিকক্ষ মিলে মোট ৯টি কক্ষ ছিল। কিন্তু বর্তমানে মাত্র দুটি। যার একটিতে দাফতরিকসহ শিক্ষকরা অন্যান্য কাজ করেন। অন্যটিতে করা হয়েছে স্টোররুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী। এছাড়া বিদ্যালয়ের মাঠে পড়ে আছে ইট, বালু ও মাটির স্তুপ।
চারঘাট সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. মনজুল ইসলাম বলেন, ‘সকালে পরিদর্শনকালে প্রধান শিক্ষককে বলেছি পাঠদানের জন্য অন্তত একটা রুম তৈরি করতে। নির্মাণকাজের ধীরগতি ও ভবন নির্মাণের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মোট ২৯২ শিক্ষার্থী। এর মধ্যে পঞ্চম শ্রেণির ৬০ জনের মধ্যে উপস্থিত ছিল ৫০। তৃতীয় শ্রেণীর ৮০ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উপস্থিত ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, অনেকদিন পর স্কুল খুলেছে। কিন্তু শ্রেণিকক্ষে বসতে পারেনি। ক্লাস করেছে গাছতলায় ইটে বসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণকাজ শুরু হয়েছিল। কথা ছিল ছয় মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু দেড় বছরের বেশি পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল দফতর। তাই বাধ্য হয়েই গাছ তলায় ক্লাস করাতে হয়েছে। তিনি বলেন, ‘পঞ্চম শ্রেণির জন্য পাশের একটি উচ্চবিদ্যালয়ে রুম চেয়ে নিয়েছি। সেখানেই ক্লাস নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
