এইমাত্র পাওয়া

পুলিশি নজরদারিতে ফেসবুক

দুর্গাপূজার সময় ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সভায় তুলে ধরেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বছর সারাদেশে প্রায় ৩১ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।

সভায় র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মইনুর রহমান চৌধুরী, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, টিঅ্যান্ডআইএমর অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহাবুবুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শান্তিকায়নন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.