মোঃ মোজাহিদুর রহমান।।
খুলনা মহানগরীর দৌলতপুরের মিরেরডাংগা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছিরুদ্দীন মুহাম্মাদ হুমায়ুনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাল পাড়ার ২/১ তেলীগাতি মেইন রোডের এক তলা বাড়িতে লোহার মেইন গেট এবং কাঠের দরজা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ সময় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, দু’টি ডিএসএলআর ক্যামেরা, দু’টি লেন্স, ট্রাইপড, দু’টি স্মার্টফোনসহ আনুমানিক ৮ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে চোরেরা।
এছাড়া অধ্যক্ষ মাওলানা নাছিরুদ্দীনের স্ত্রী পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা খাতুনের কাছে, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় স্কুলের সংরক্ষিত প্রজেক্টর এবং স্কুলের আলমারি ও অন্যান্য তালার চাবি এবং শিক্ষিকার ব্যাংকের চেক বই নিয়ে গেছে দুর্বৃত্বরা। ঘটনার সময় অধ্যক্ষ মাওলানা নাছিরুদ্দীনের ঘুম ভেঙে গেলে তিনি চোর দলের সদস্যদের আটকের চেষ্টা করলে তাকে আহত করে পালিয়ে যায় তারা।
অধ্যক্ষ নাছিরুদ্দিন বলেন, রাতে আমি খটমট শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ি। উঠে দেখি আমার পুরো ঘর তছনছ করা হচ্ছে। মাথায় কাপড় বাধা একজন লোক অন্ধকারে আমার ঘরের মালামাল চুরি করছে। আমি তাকে প্রতিহত করার উদ্দেশে জাপটে ধরার চেষ্টা করলে তিনি আমাকে ধাক্কা দেয়। এতে আমি মাথায় আঘাত পেয়ে আহত হই। এ সুযোগে তারা পালায় যায়। এরপর আমার বাসার লোকেরা ঘুম থেকে উঠে দেখে পুরো বাড়ির অধিকাংশ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। পরে চোরের পিছু ধাওয়া করেও তাকে আমরা তাদের ধরতে পারিনি। ঘর অন্ধকার থাকায় চোরের চেহারা দেখা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে চোরেরা দুই থেকে তিনজন ছিল। এ ব্যাপারে দৌলতপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলার প্রস্তুতি চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
