অনলাইন ডেস্ক।।
দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি। এরমধ্যে মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত ৩৪টি দল বার্ষিক (২০২০ সাল) আয়-ব্যয়ের (অডিট রিপোর্ট) হিসাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে জামা দিয়েছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল বলে জানান ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান।
গত রোববার (২৯ আগস্ট) ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগারগাঁও নির্বাচন ভবনে বার্ষিক আয়-ব্যয় ও লেনদেনের হিসাব জমা দেয়। সেখানে আওয়ামী লীগের আয় কমলেও ব্যয় বেড়েছে। আয় কমেছে ৫১ শতাংশ এবং ব্যয় বেড়েছে ২১ শতাংশ।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, বর্তমানে দলটির তহবিলে ৫০ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা জমা রয়েছে। ২০২০ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ সালের আয়ের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭টা কম। ২০১৯ সালের চেয়ে আয় কমেছে ৫১ শতাংশ। ২০১৯ সালে দলটি আয় করেছিল ২১ কোটি দুই লাখ ৪১ হাজার ৩৩০ টাকা।
অন্যদিকে বিএনপি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৬ আগস্ট। দলটির দেয়া তথ্য অনুযায়ী, গত বছর (২০২০ সালে) আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। দলটির আয় এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। অতিরিক্ত অর্থ পার্টির ফান্ড থেকে ব্যয় করা হয়েছে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী দেশের বেশির ভাগ রাজনৈতিক দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ইসিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
