করোনাভাইরাসের সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে সে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর সভাপত্বিতে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১ সেপ্টেম্বর) বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী ৫ সেপ্টেম্বর (রোববার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল-কলেজ খোলার পর কি কি করণীয় হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সে ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করবো। এসব পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সব সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনূসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষা দ্রুত সম্পন্ন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
