এইমাত্র পাওয়া

কোচিং সেন্টার থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেসবাহের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টারের কক্ষ থেকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ।

উক্ত কোচিং সেন্টারটি নিহতের বড় ভাইয়ের। আরও দুই সহকর্মীর সঙ্গে কোচিং সেন্টারটির একটি কক্ষে থাকতেন তিনি। মেজবাহকে না পেয়ে তার কক্ষ ধাক্কা দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সহকর্মীরা।

নিহত মো. মেসবাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক্স ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার  এই তথ্য নিশ্চিত করেছেন, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, তারা তিন ভাই মিলে একটা কোচিং সেন্টার চালু করে। করোনার কারণে দুই ভাই সেখানেই থাকতো। গতকাল রোববার দিবাগত রাতে এই কোচিং সেন্টার থেকেই মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন আল রশিদ জানান, মরদেহটি কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে লাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমরা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দীতে নিয়ে এসেছিলাম। নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি খবর নিয়েছি। উত্তরা পূর্ব থানা থেকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে। সে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বানাড়িপাড়ায়।

তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মেসবাহর সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিল। অনেকে মনে করছেন প্রেমঘটিত কারণে সুসাইড করেছে মেসবাহ। তবে ময়নাতদন্তের ফলাফল আসার পর তার মৃত্যুর রহস্য জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.