নিজস্ব প্রতিনিধি।।
সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ছেলে-মেয়ের শিক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। একই সঙ্গে মেয়ে শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক এবং পুরুষ শিক্ষার্থীদের পড়াবেন শুধু পুরুষ শিক্ষকরা। আজ শনিবার আফগানিস্তানের হেরাত প্রদেশে এই নির্দেশনা জারি করেছে স্থানীয় তালেবান।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান সেখানকার সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করেছে। একসঙ্গে ছেলে-মেয়েদের এই শিক্ষা ব্যবস্থাকে ‘সমাজে পচন ধরার মূল’ বলে বর্ণনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি ইন্সটিটিউটগুলোর মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। প্রায় দীর্ঘ ৩ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আফগান উচ্চশিক্ষা প্রধান এবং তালেবান প্রতিনিধি মোল্লা ফরিদ জানান, সহশিক্ষা (ছেলে-মেয়ে একসঙ্গে) অবশ্যই বন্ধ করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।
তারা জানিয়েছেন, এই সহশিক্ষা কার্যক্রমের কারণেই আজ সমাজে পচন ধরেছে। সুতরাং এটা বন্ধ করতেই হবে। ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে কেবল পুরুষ শিক্ষকরা পাঠদান করবেন। আবার নারী শিক্ষার্থীদের পাঠদান করবেন কেবল নারী শিক্ষকরাই। আবার কোনো পুরুষ শিক্ষক মেয়েদের এবং নারী শিক্ষক ছেলে শিক্ষার্থীদের পড়াতে পারবেন না।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত প্রদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন দুই হাজারের মতো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
