এইমাত্র পাওয়া

ভারতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত ভারত সম্প্রতি বেশ খাটিকটা কাটিয়ে উঠেছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শেষ দিকে তৃতীয় ঢেউ চোখ রাঙালেও স্বাভাবিকতায় ফিরতে চাইছে দেশটির সরকার। এর অংশ হিসেবে বেশিরভাগ রাজ্যে স্কুল খোলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি রাজ্য সরকার জানিয়েছে তারা চলতি মাসের মাঝামাঝি স্কুল চালু করতে যাচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

যেসব রাজ্য স্কুল খোলে দেওয়ার কথা ভাবছে সেগুলো হলো- মহারাষ্ট্র, মেঘালয়, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়–, পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীর। ভারতে যেসব রাজ্য করোনায় সবচেয়ে বেশি কাবু হয়েছিল তার শীর্ষে ছিল মহারাষ্ট্র- সেই রাজ্য সরকার জানিয়েছে, ১৭ আগস্ট থেকে সরাসরি ক্লাস চালু করা হবে।

মহরাষ্ট্রের পরই ভাইরাসে বেশি ভুগেছে রাজধানী দিল্লি। রাজধানীর কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সব ক্লাসের কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে রবিবার থেকে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া শুরু করেছে। কর্নাটক সরকার বলছে, তারা ২৩ আগস্ট থেকে স্কুল চালু করবে। সেখানে তারা দুই পর্বে স্কুল খুলবে। জনবহুল উত্তরপ্রদেশের সরকার জানিয়েছে, তারা ১৬ আগস্ট থেকে শ্রেণিকক্ষের অর্ধেক শিক্ষার্থী নিয়ে স্কুল চালু করবে। আগামী মাসের শুরুতে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। অন্ধ্রপ্রদেশে পুনরায় স্কুল চালু হবে ১৬ আগস্ট থেকে। এ ছাড়া ২ আগস্ট থেকে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, ছত্তিশগড়, ঝাড়খন্ডে স্কুল খোলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতে এখন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের মধ্যে ওঠানামা করছে। দ্বিতীয় দফা সংক্রমণে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ চার লাখের ঘর ছাড়িয়েছিল। টিকা কার্যক্রমের ফলে আশা করা হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.