এইমাত্র পাওয়া

শিক্ষক পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ার গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর ভাই মনি বাড়ৈকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রাম থেকে মনি বাড়ৈকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান।

তিনি জানান, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় অমূল্য রতন হালদারের স্ত্রী মনি হালদার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ ৫জনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। এই মামলায় পরিপ্রেক্ষিতে ধারাবাশাইল গ্রামে অভিযান চালিয়ে মনি বাড়ৈকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ও তার ভাই মনি বাড়ৈ পিটিয়ে আহত করে। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কোটালীপাড়ায় কর্মরত শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.