নিউজ ডেস্ক।।
অবিলম্বে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে অপসারণের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, গুরুতর নৈতিক স্খলনের দায়ে অনতিবিলম্বে তাকে বরখাস্ত করা প্রয়োজন। স্কুল প্রাঙ্গণে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে এক অভিভাবকের সঙ্গে তার ফোনালাপে প্রমাণ করেছেন- কেবল অধ্যক্ষ হিসেবে নয়, তিনি শিক্ষক পদেরও পুরোপুরি অযোগ্য।
বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে এরকম রুচিহীন পেশিশক্তি প্রদর্শনকারী ব্যক্তি অধ্যক্ষের মর্যাদাপূর্ণ গুরুদায়িত্বে নিয়োগ পান? এর ব্যাখ্যা কী? ফোনালাপে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তা অশ্লীল, রীতিমতো নজিরবিহীন। তিনি কেবল এই পদের মর্যাদাকেই ভূলুণ্ঠিত করেননি, এই খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষক, হাজার হাজার ছাত্রী ও তাদের অভিভাবকদের সম্মান ও মর্যাদাকেও নষ্ট করেছেন।
সাইফুল হক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে স্কুল-কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার কারণে দেশে সামগ্রিকভাবে শিক্ষার মান ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে। সরকার ও সরকারি দল শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরঙ্কুশ দখলদারিত্ব নিশ্চিত করতে যোগ্যতা বিবেচনা না করে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে আসছে। এ জন্য এদের অনিয়ম, দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার শত শত অভিযোগ প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণের এই প্রক্রিয়া বন্ধ করতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সচেতন দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
