এইমাত্র পাওয়া

শৈশবেই শিশুদের প্রোগ্রামিং শিক্ষায় গুরুত্ব দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক :

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় শক্তির নাম ডিজিটাল শক্তি। শিশুদের শিক্ষা থেকে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের প্রাত্যহিক জীবনযাপনের জন্য এটি অপরিহার্য।

তিনি বলেন, ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ তৈরির জন্য শৈশব থেকেই শিশুদের প্রোগ্রামিং ও গণিতশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যুগের উপযোগী হিসেবে নতুন প্রজন্মকে তৈরি করতে না পারলে তারা যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না।

বুধবার সচিবালয়ে থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হ্যাকাথন উৎসব ২০২১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। তারাই ডিজিটাল যুগের নেতৃত্ব দেবে এবং ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন করবে। বাংলাদেশের ছেলেমেয়েরা রোবট বানাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে। এখন ইন্টারনেট অব থিংস (আইওটি) যুগে প্রবেশ করেছে। ব্লকচেইন প্রযুক্তিও এখন সময়ের ব্যাপার, যা দিয়ে অপারেটর ছাড়াই কথা বলা যাবে।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম এই ডিজিটাল যুগে বসবাস করবে। স্বাধীনতার ৫০ বছরে শিক্ষায় আমূল রূপান্তর হয়েছে। শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই প্রজন্মকে গড়ে তোলার সময় এসেছে। তিনি কাগজের বইয়ের চেয়ে ডিজিটাল পাঠ্যক্রম অত্যন্ত কার্যকর উপায় বলে উল্লেখ করেন।

স্কুলের চেয়ারম্যান আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক রেজাউল করিম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.