কাউখালী উপজেলার ৪৭ নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ ইউনুস মোল্লার অত্যাচারে শিক্ষকরা অতিষ্ঠ । তিনি গত কয়েকদিন ধরে স্কুলের শিক্ষকদের উপর নানা ধরনের অযাচিত খবরদারি করে আসছেন । আজ দুপুর ১২ টার পরে বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ ইউনুস মোল্লা স্কুলে আসেন ।
স্কুলে এসে প্রধান শিক্ষকের চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে শিক্ষকদের নানারকম আদেশ নির্দেশ করতে থাকেন । একপর্যায়ে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডা হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাবিনা ইয়াসমিনকে জুতা নিয়ে মারতে ওঠেন । অন্যান্য শিক্ষকবৃন্দ এ ঘটনায় অবাক হয়ে যান । সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, জমিদাতা ইউনুস মোল্লা আজ বিদ্যালয়ে এসে তার কাছে স্কুলের স্টিল আলমিরার চাবি চান ।
তিনি চাবি দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে ক্ষেপে গিয়ে তাকে নানা রকম অশ্লীল মন্তব্য করেন এবং একপর্যায়ে ইউনুস মোল্লা তার পায়ের জুতা খুলে শিক্ষক ছাত্র-ছাত্রীদের সামনেই তাকে মারতে উদ্যত হন । ইউনুস মোল্লার উচ্চস্বরে হুমকি-ধামকির এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের এ অপমানের বিচার চেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছে ।
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ ঘটনার বিচার দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, বিদ্যালয়ের জমি দাতা সদস্য মোঃ ইউনুস মোল্লা বর্তমানে আমেরিকা প্রবাসী । তিনি কয়েকদিন আগে বাড়িতে আসেন। বাড়িতে এসে গত ২ সেপ্টেম্বর তিনি বিদ্যালয় আসেন । বিদ্যালয়ে এসেই তিনি শিক্ষক হাজিরা খাতা নিয়ে হাজিরা খাতায় উল্টাপাল্টা মন্তব্য লেখেন । এরপর শিক্ষকদের নানাভাবে ধমকাতে থাকেন । তিনি বলেন, আমি স্কুলের জমিদাতা সদস্য । এই স্কুল আমার, আমার বাপ দাদার । আমি যেভাবে যা বলব শিক্ষকদেরকে তা শুনতে হবে ।

এই বলে শিক্ষকদের বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ করতে থাকেন । তিনি এও বলেন, যেক’দিন তিনি বাড়িতে থাকবেন সে’কদিন প্রতিদিনই তিনি স্কুলে আসবেন এবং তার কথামতো শিক্ষকদের চলতে হবে। সেই থেকে তিনি প্রতিদিনই দু তিনবার করে স্কুলে আসেন । গত ৩ সেপ্টেম্বরও তিনি স্কুলে এসে একইভাবে প্রধান শিক্ষকের চেয়ারে বসে জুতাসহ দুই পা টেবিলের উপর তুলে বসেছিলেন । এলাকাবাসীর কেউ কেউ বলেন, বয়স বাড়ার কারণে তিনি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন ।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া শিক্ষক হাজিরা খাতায় অন্যকেউ মন্তব্য লেখার অধিকার রাখেন না । এখনো পর্যন্ত এ বিষয়ে তাহার কাছে কেউ কোনো অভিযোগ করেননি । অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে ।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন । সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
