এইমাত্র পাওয়া

ঈদের আনন্দে বাঁধা দিতে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক।।

মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় ঈদের দিন (২১ জুলাই) সারাদেশেই কম-বেশি বর্ষণ হবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা বর্ষণ, অন্যান্য বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সব জায়গায় সবসময় বৃষ্টি হবে এমন নয়। এই রোদ, এই বৃষ্টি—বিষয়টা এমন হবে। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হয়তো বৃষ্টি হবে হালকা।

যেসব বিভাগে ভারী বর্ষণ হবে, সেখানেও স্থায়ী বৃষ্টি হবে না। তবে অস্থায়ী বৃষ্টি হবে। তাই ঈদের প্রস্তুতিতে ছাতাকে মাথায় রেখেই সারতে হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় বুধবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাত হবে। অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.